জামালগঞ্জ প্রতিনিধি:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী ১১৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামসুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়। মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে নতুন প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে নজরুল বর্ষের কর্মসূচি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net