হাওর ডেস্ক::
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রোববার সকাল পর্যন্ত পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের বিজি ৩৩৯ ফ্লাইটও রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। সৌদি এয়ারলাইনসের একাধিক ফ্লাইটও বাতিল হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি। বেলা ৩টা ১০ মিনিটে অবতরণের কথা থাকলেও ফ্লাইটটি দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net