স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী, উপজেলা প্রশিক্ষক আল আমীন, উপজেলা প্রশিক্ষিকা সুমি আক্তারসহ ভাতাভোগী আনসার-ভিডিপির সদস্যরা অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরের আঙিনা, আশপাশের রাস্তাঘাট ও বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং ঝোপঝাড় পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমীন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই জনকল্যাণমুখী উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতামূলক এ ধরনের অভিযান প্রতি সপ্তাহে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net