স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের কিশোরগ্যাংয়ের কবল থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী হাসননগরের কিশোরগ্যাং প্রধান শ্রাবনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শ্রাবণকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দাসহাটি এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, তিন দিন আগে শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় পরিচিত মুখ এমদাদুল হক শাহজাহান গুরুতর আহত হন। ছেলেকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হয়ে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় দায়ের করা মামলায় শ্রাবণকে প্রধান আসামি করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ, পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শ্রাবণ দিরাইয়ের ভাটিপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে এসআই ইকবাল ও এএসআই পলাশের নেতৃত্বে সদর থানা পুলিশ দিরাই থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা নদীপথে ট্রলারযোগে যাওয়ার পর আধা ঘণ্টার অভিযানে তাকে আটক করা হয়।
ওসি রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যাতে আর কেউ করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net