দিরাই প্রতিনিধি::
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিরাই মর্নিং ফুটবল টিমের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৩টায় শহরের থানা পয়েন্ট থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘আজকের নেশা, কালকে লাশ’, ‘ভোরবেলা মাঠে আয়, নেশার গলি ত্যাগ কর’ এবং ‘একটি বল, একটি ব্যাট—মাদকমুক্ত হোক পরিবেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে থানা পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবায়দুল হক, অধ্যাপক আশিষ ভৌমিক, প্রণয় দেবনাথ, পাবেল হাসান ও সাইদুর রহমান।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net