স্টাফ রিপোর্টজর::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আসির মিয়াকে আটকের পর স্থানীয় আত্মীয়-স্বজনের সহযোগিতায় তিনি পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে পালিয়ে যান। পরে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে প্রচার করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন এবং সদর থানার এসআই জহির হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আসির মিয়াকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net