স্টাফ রিপোর্টার:::
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশু রুকাইয়া নুরের (১০) মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার পিরোজপুর এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত রুকাইয়া ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামোট এলাকার চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, গত শুক্রবার প্রায় ২০ জন পর্যটকসহ ‘সাফিনা এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ঘুরে যাদুকাটা নদীর দিকে যাচ্ছিলেন তারা। দুপুরের দিকে বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হয় রুকাইয়া। দুই দিন ধরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালিয়েও তার খোঁজ পায়নি।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net