স্টাপ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জানু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি এলাকার একটি আধাপাকা বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কাউকান্দি এলাকায় একটি বসতঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন জানু মিয়া। তাকে আটক করে তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের বায়ুরোধক জিপার ব্যাগে রাখা ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জানু মিয়া কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে। র্যাবের দাবি, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ ইয়াবা তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net