স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজারের মদের দোকান আগামী তিন মাসের মধ্যে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে দোকানটি স্থানান্তর করা না হলে তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার ৯ আগস্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, পশ্চিম বাজারে মদের দোকান থাকার কারণে স্থানীয় পরিবেশ ও জনসাধারণের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এডভোকেট শেরেনূর আলীর তদন্ত প্রতিবেদনের আলোকে সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে মদের দোকানটি পশ্চিম বাজার এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থানান্তর করা সম্ভব না হলে দোকানটি বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মাদকের পক্ষে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি সুনামগঞ্জে থাকতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net