স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন আহমেদ (৩০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে।
আদালতে মামলা দায়েরের পর মঙ্গলবার(৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার থেকে অভিযুক্ত ইমাম হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমাম রতারগাঁও গ্রামের দক্ষিণপড়া জামে মসজিদের ইমাম। ইমাম হুমায়ুন আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন আহমেদ বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের দক্ষিণপড়া জামে মসজিদের ইমামতি করতেন। ইমামতি করার সুবাদে মসজিদের পাশের বাড়ির লোকজনের সাথে ভাল সম্পর্ক হয় এবং ওই বাড়ির কিশোরী দিগেন্দ্র বর্মন সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সাথে প্রেম করেন। এক পর্যায়ে ফুসলিয়ে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখান ইমাম। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গেল মে মাসের ২৪ তারিখ মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে রাত আনুমানিক ৯ টার সময় মসজিদের সংলগ্ন ইমামের কক্ষে নিয়ে কিশোরীকে জোর করে ধর্ষণ করেন এবং কাউকে না বলার জন্য চাকু দেখিয়ে ভয় দেখান। এরপর আবারও গেল জুলাই মাসের ১৭ তারিখে দুপুর আড়াই টার দিকে নিজের থাকার ঘরে ওই কিশোরীকে নিয়ে দ্বিতীয় বার ধর্ষণ করেন এবং বিয়ের প্রলোভন দেখান। স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করার প্রলোভন দেখান ও একাধিক বার ধর্ষণ করেন। এরপর বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান ও ভয়-ভীতি দেখান ইমাম। এক পর্যায়ে কলেজ ছাত্রী গেল মাসের শেষ সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এই ঘটনায় গত ২৬ জুলাই কলেজ ছাত্রীর বাবা অভিযুক্ত ইমাম হুমায়ুন আহমেদের বিরুদ্ধে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানার পুলিশকে নির্দেশ দেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আদালতে মামলা দায়ের হয়েছে। আদালতের নিদের্শনা অনুযায়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।
##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net