স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে র্যাব-বিজিবি ও মাদকদ্রব্য অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসব মদ চোরাচালানের মাধ্যমে বিক্রি করার জন্য ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর, তাহিরপুর ও সদর উপজেলা থেকে সর্বমোট ২৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকাবারী বাহিনী। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বোধরাই নোয়াগাও গ্রামে সোমবার সকালে অভিযান চালায় র্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের ময়না মিয়ার ছেলে শাহিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের চৌকির নিচ থেকে ২০২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় শাহিন মিয়া। সুনামগঞ্জ-২৮ বিজিবি রবিবার রাতে তাহিরপুর সীমান্তের বড়গোপটিলা থেকে আরো ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে। একই ব্যাটালিয়নের বনগাও বিপির জোয়ানরা সোমবার সকালে নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে আরো ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান ও সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে.ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net