স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. তারেক মিয়া। ২৩ জুলাই বৃহষ্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পুলিশ আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময়সভায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নূরুল ইসলাম। এই প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সব প্রতিযোগিদের চেয়ে সবগুলো কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হন তারেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা এ ধরনের আয়োজন তরুণদের জ্ঞানচর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।
কুইজ প্রতিযোগিতার বিজয়ী জেলা ছাত্রদল সভাপতি মো. তারেক মিয়া বলেন, এই অর্জন তাকে ভবিষ্যতে আরও বেশি জ্ঞানচর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে অনুপ্রাণিত করবে। তিনি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net