স্টাফ রিপোর্টার::
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজে বিলম্বের প্রতিবাদে ও দ্রুত কাজ শুরুর দাবিতে কৃষকদের পক্ষে সাংবাদিক সম্মেলন করেছে হাওর বাঁচাও আন্দোলন। মঙ্গলবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ কাজ শুরু না হওয়ায় গভীর উদ্বেগ জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক বিজন সেন রায়। লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস রায় বলেন, নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পিআইসি গঠন ও বাঁধের কাজ শুরু হয়নি এখনো। তাই হাওরের কৃষকরা বোরো ফসল নিয়ে উৎকণ্ঠায় আছেন। বিশেষ করে তাহিরপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লাসহ বিভিন্ন উপজেলায় এখনো সব পিআইসি গঠিত হয়নি কোথাও কাজই শুরু হয়নি। অথচ আগামী ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা। যথা সময়ে কাজ শুরু না হলে কাজ টেকসই হবেনা এবং কৃষকদের ফসল আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক আরো বলেন, গত ১৫ ডিসেম্বর লোক দেখানো কাজের উদ্বোধন হলেও বাস্তবে উদ্বোধনের পর আর কাজই হয়নি। সংবাদ সম্মেলনে অবিলম্বে সব পিআইসি গঠন, কাগজে কলমে নক্সার খেলা বন্ধ করে কাজ দৃশমান করতে হবে, কাবিটা নীতিমালা শতভাগ বাস্তবায়ন করতে হবে এবং বাধের কাজের অনিয়মের দায় সংশ্লিষ্টদের নিয়ে বিচারের আওতায় আনাসহ চার দফা দাবি তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন হাওর বাচাও আন্দোলনের সহসভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কুদরত পাশা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net