
স্টাফ রিপোর্টার::
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে। মঙ্গলবার (২৪ জুন) সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তের বাগানবাড়ি এলাকা দিয়ে ৩টি পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে পুশইন করা হয়। বিজিবির টহল দল তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ছাতক থানা পুলিশ জানায়, আটক কৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি সিলেট ৪৮ বিজিবির বরাতে জানায়, এদের ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং ১ জনের বাড়ি পাবনায়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার দক্ষিণ আজুয়াটারি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জয়নাল আবেদীন (৫৫), তার দুই স্ত্রী, ছেলে-মেয়ে, পুত্রবধূসহ পরিবারের ১১ সদস্য। আরও আছেন বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে ৮০ বছরের বৃদ্ধ নজির হোসাইন ও তার পরিবারের ৭ সদস্য। পাবনার ভেড়ামারা উপজেলার জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণীও রয়েছেন আটককৃতদের মধ্যে।
নোয়াকোট বিওপির হাবিলদার মো. কবির আহমদ জানান, আটককৃতদের মঙ্গলবার দুপুরে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
ছাতক থানার ওসি মো. গোলাম কিবরিয়া হাসান বলেন, দুপুরে বিজিবি আমাদের থানায় ২০ জনকে হস্থান্তর করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও গত ২৮ মে ও ১২ জুন ছাতক সীমান্ত দিয়েই যথাক্রমে ১৬ জন ও ১৭ জনকে পুশইন করেছিল বিএসএফ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net