হাওর ডেস্ক::
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে জাতীয় পার্টি।
দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকারের ধন। ড. ইউনূস ক্ষুধা ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন- তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল। বিশ্ববাসীর কল্যাণে ড. ইউনূসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষণীয় সাফল্য পেয়েছে।”
বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।
দেশের বর্তমান বাস্তবতায় অধ্যাপক ইউনূসের বিকল্প হয় না মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, “ড. ইউনূসের নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত।”
জি এম কাদের বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে অধ্যাপক ইউনূস সফল হবেন। তার নেতৃত্বেই ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনোখুনি, চুরি, ডাকাতি ও হাইজ্যাকের খবর আসছে। দেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন?”
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net