হাওর ডেস্ক::
কোরবানির ঈদের দিন রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে দেশের অন্যান্য জায়গায় সোমবার বৃষ্টিপাতের প্রবণতা কম বলে জানিয়েছেন সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুক।
সেদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঈদের একদিন বাদে ১৯ জুন থেকে দক্ষিণাঞ্চল ও ঢাকার দিকে বৃষ্টি শুরু হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।
সাধারণত ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে ভারি বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কুড়িগ্রামের রাজারহাটে। এছাড়া সুনামগঞ্জ, সিলেট, শেরপুর, রংপুরসহ বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
বুলেটিনে বলা হয়, খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net