স্টাফ রিপোর্টার::
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমপি নজির হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলার ৫টি সংসদীয় আসনের এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নজির হোসেনের মৃত্যুতে সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক বলেন, এই মহান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানাই। তিনি সারাজীবন মানুষের জন্যই রাজনীতি করেছেন। রাজনীতির মাধ্যমে তিনি সমাজের উপকার করেছেন। তিনি সাধারণ মানুষের কাছে অমর হয়ে থাকবেন।
সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা বলেন, নজির হোসেন একজন প্রাজ্ঞ ও অগ্রসর রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে রাজনীতির অপূরনীয় ক্ষতি হয়েছে। একাত্তরের বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশপ্রেমিক মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পাবেন সারাজীবন। তার মৃত্যুতে শ্রদ্ধা জানাই।
সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, নজির হোসেন সময়ের একজন উজ্জ্বল রাজনীতিবিদ ছিলেন। রাজনীতি নিয়েই পড়াশোনা করে নিজেকে তিলে তিলে তৈরি করেছিলেন। এই দেশের জন্মযুদ্ধের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার স্মৃতি অত সহজে মোছার নয়।
সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সাবেক এমপি নজির হোসেনের মৃত্যুতে গভীর শোক জানাই। আমাদের এলাকার একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে তিনি উন্নয়নের ধারা সূচিত করে গিয়েছিলেন। তার কাছে নির্বাচনী এলাকার মানুষ ঋণী। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশবাসীকে আরো অনেক কিছু দেওয়ার যোগ্যতা ও সামর্থ্য ছিল তার।
সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, সুনামগঞ্জ-১ আসনের মানুষ একজন মেধাবী রাজনীতিবিদকে হারালো। তার শুন্যতা মানুষকে কষ্ট দিবে। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট বলেন, বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন ছিলেন রাজনীতির ইনস্টিটিউট। তিনি ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার হাত ধরে রাজনীতিতে অনেকের হাতেখড়ি হয়েছে। আমরা একজন অভিভাবক তুল্য প্রাজ্ঞ রাজনীতিবিদকে হারালাম।
পৌর মেয়র নাদের বখত বলেন, রাজনীতির কিংবদন্তিতুল্য ছিলেন নজির ভাই। তার শুন্যতা সহজে পূরণ হবার নয়। তার স্মৃতি আমাদের ধরে রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net