অনলাইন ডক্স::
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবারও সেটি করছে জনপ্রিয় পত্রিকাটি। এবার `আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শনিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেজন্য শুক্রবার বিকালে কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন মাশরাফি। পুরো পরিবার নিয়েই কলকাতা যাচ্ছেন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার কথা ৩ আগস্ট। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামেই এ নিয়ে কথা বলেন মাশরাফি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে দেখছেন এভাবেই, `এ ধরনের স্বীকৃতি মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।'
এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাতে উঠেছিল এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার পান। অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও পুরস্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারও কোনও বাংলাদেশি ক্রিকেটার এই খেতাব হাতে তোলার অপেক্ষায়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net