হাওর ডেস্ক::
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে কমে ১২১৯ টাকা করা হয়েছে। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৫ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
মঙ্গলবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে কমে ৫৬ টাকা ৮৫ টাকা নির্ধারণ করা হয়।
জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০১ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫ ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।
উল্লেখ্য, গত বছর ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net