স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বন্যা দুর্যোগপীড়িত প্রায় দুই শতাধিক পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশের ‘লেখক, শিল্পী, সাংবাদিক ও প্রকাশক’বৃন্দ। বৃহষ্পতিবার দিনভর কবি শাহেদ কায়েস ও কথা সাহিত্যিক স্বকৃত নোমানের নেতৃত্বে সুনামগঞ্জ ও সিলেটে এসে ঘরে ঘরে গিয়ে এই সহায়তা বিতরণ করেন। সুনামগঞ্জের দুই শতাধিক পরিবারকে নগদ ৪ হাজার টাকা, ২ হাজার টাকা ও ১ হাজার টাকা করে প্রদান করেন। এসময় ‘লেখক, শিল্পী, সাংবাদিক ও প্রকাশক’বৃন্দ এর মানবিক এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ত্রাণ বিতরণে অংশ নেন সুনামগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক ও কবি মো. জাকির হোসেন।
বৃহষ্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈষভেড়, দেওয়াননগর, কাঠইর ইউনিয়নের কলাইয়া ও নোয়াগাও গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শামস শামস শামীম, দেবাশীষ দেবু, সংস্কৃতিজন হয্রত বিনয় ভদ্র, প্রকাশক রাজীব চৌধুরী প্রমুখ।

‘লেখক, শিল্পী, সাংবাদিক ও প্রকাশক’ ত্রাণ সমন্বয় কমিটির সদস্য কথাসাহিত্যিক স্বকৃত নোমান বলেন, আমরা সরেজমিন এসে হাওরের মানুষের ভয়াবহ দুর্যোগ দেখেছি। মানুষ ঘরবাড়ি, সংসারের জিনিষপত্র হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এই দুঃসময়ে আমরা ‘লেখক, শিল্পী, সাংবাদিক ও প্রকাশক’ এর উদ্যোগে কিছু নগদ সহায়তা তুলে দিতে পেরেছি। তিনি বলেন, এই মানুষদের ঘুরে দাড়ানোর জন্য বড়ো সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে গৃহ নির্মাণে তাদেরকে দ্রুত সহযোগিতা করতে হবে।
‘লেখক, শিল্পী, সাংবাদিক ও প্রকাশক’ ত্রাণ সমন্বয় কমিটির সদস্য কবি শাহেদ কায়েস বলেন, আমরা আমাদের বন্ধু বান্ধব, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মিডিয়ায় সুনামগঞ্জবাসীর এই ভয়াবহ দুর্যোগ দূর থেকে প্রত্যক্ষ করে ব্যথিত হয়েছি। এই ব্যথিত হৃদয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম সুনামগঞ্জের দুর্যোগপীড়িতদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। দেশ বিদেশের মানবিক মানুষগুলো আমাদের ডাকে সারা দিয়েছিলেন। আমরা দুর্গত এলাকায় এসে অসহায় মানুষদের নগদ সহায়তা দিয়েছি। যারা আমাদের মানবিক কার্যক্রমে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছেন নানা ভাবে পরামর্শ দিয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net