হাওর ডেস্ক::
ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। আজ রবিবার ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে এই তথ্য জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর।
সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। নিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।
এর আগে কভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিলেন এই কোকিলকণ্ঠী। প্রথম থেকেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি তাঁর কভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথমবার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান করেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net