দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের ডাবরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শান্ত রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সে দিরাইয়ের ছন্নাড়চর ইউনিয়নের ছন্নাড়চর গ্রামের গ্রামের পান্ডপ রায়ের ছেলে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহী গুরুত্বর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে দিরাইয়ের ছন্নাড়চরে যাওয়ার উদ্দেশে বন্ধুদের সাথে রওয়ানা দেন শান্ত রায়। সকাল সাড়ে ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মোটরসাইকেলসহ (সিলেট-ল-১১ ৭১৩৩) ৩ আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত রায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net