বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে করোনা ভ্যাক্সিন গ্রহীতার সংখ্যা বাড়ছে। মঙ্গলবার জেলায় ২০১১ জন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। গত দুই দিনের তুলনায় গতকাল ভ্যাক্সিন গ্রহীতার সংখ্যা প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাছাড়া ভ্যাক্সিন গ্রহীতারা ভ্যাক্সিন গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রচার করায় ভ্যাক্সিন গ্রহণে আরো আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন অনেকে।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে প্রথম দিন ৬৭৯ জন করোনার ভ্যাক্সিন গ্রহণ করেন। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দিন ৭৯১ জন এবং তৃতীয় দিন গতকাল মঙ্গলবার ২০১১ জন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। এ পর্যন্ত জেলায় সর্বমোট ৩ হাজার ৪৮১ জন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। সুনামগঞ্জে প্রথম দফা ৮৪ হাজার ডোজ ভ্যাক্সিন দেওয়া হয়েছে।
কবি হিরক তালুকদার বলেন, মহামারি করোনা থেকে মুক্তি পেতে সুরক্ষার জন্য সারাবিশ্বেই এই ভ্যাক্সিন নিচ্ছে মানুষ। কিন্তু আমাদের দেশের একটি গোষ্ঠী এ নিয়ে অপপ্রচার করছে। তবে এখন সমাজের সব শ্রেণির মানুষের ভীতি দূর হচ্ছে। তারা গুজবে কান না দিয়ে ভ্যাক্সিন নিচ্ছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, প্রতিদিনই ভ্যাক্সিন গ্রহীতার সংখ্যা বাড়ছে। উদ্বোধনের তৃতীয় দিন জেলায় তিনগুণ মানুষ ভ্যাক্সিন নিয়েছেন। তাই আমরা আশাবাদী প্রতিদিনই এখন ভ্যাক্সিন গ্রহীতার সংখ্যা বাড়বে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net