হাওর ডেস্ক ::
করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পেছানো পর চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম। আজ রোববার গণমাধ্যমকে বলেন, ‘ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’
করোনাভাইরাস মহামারির মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এবার এইচএসসি পরীক্ষাও নেওয়া হয়নি। গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, অষ্টম শ্রেণির সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে বলে। আর এই ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।
শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরে অধ্যাপক আমিরুল বলেন, ‘আমরা আশাবাদী, শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী রেজাল্ট তৈরি করতে পারব।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে-যাচ্ছে, আমরা কাজ করছি। কোনো কোনো দিন, দুই-পাঁচটা মিটিংও করতে হচ্ছে। আমাদের প্রস্তুতিটা ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার মতোই আছে।’
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় সেই বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে, যা এখনও চলমান। সেজন্য গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net