বিশেষ প্রতিনিধি::
দিরাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। সোমবার ১৪ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন স্বাক্ষরিত একটি নোটিশ মোশারফ মিয়ার কাছে পাঠানো হয়েছে। নোটিশে ৫ কার্য দিবসের মধ্যে স্থায়ী বহিষ্কার কেন করা যাবেনা তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে জেলা আওয়ামী লীগের সাধারণ ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী সংগঠনের আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে লিপ্ত থাকায় এই নোটিশ প্রেরণ করেন। তিনি উল্লেখ করেন, আগামী ২৮ ডিসেম্বর দিরাই পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে মোশারফ মিয়া প্রার্থী হয়েছেন। এমন কাজ আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী ও গঠনতন্ত্রবিরোধী।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বিদ্রোহী প্রার্থী মোশারফ মিয়াকে স্থায়ী বহিষ্কারের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net