হাওর ডেস্ক ::
ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে দীপক শীল নির্বাচিত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্র ইউনিয়নের বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন করেন আন্দোলনরত পাটকল ও চা শ্রমিকেরা। 'আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস' স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছিলো ছাত্র ইউনিয়নের ৪০তম সম্মেলন।
নবনির্বাচিত সভাপতি ফয়েজ উল্লাহ এরআগে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক দীপক শীল এরআগে ঢাকা মহানগর সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী ছিলেন।
৪১ সদস্যের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হোম ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সেতু। তিনি আগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সদ্য বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল জানান, শুক্রবার কমিটি ঘোষণার কথা থাকলে তীব্র প্রতিযোগিতায় ভোটের মধ্য দিয়ে নতুন এ কমিটি নির্বাচিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net