হাওর ডেস্ক ::
নির্বাচনের ব্যাপারে আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, তাদের ভোট গণনা করতে লাগে পাঁচ দিন। আমাদের ৩-৪ মিনিটেই শেষ হয়ে যায়। আজ বৃহস্পতিবার উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে এসব কথা বলেন সিইসি। এ সময় তিনি আরও বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট ভালো হচ্ছে।
সিইসি বলেন, ‘আমেরিকায় নির্বাচন হয়, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়। সেসব নির্বাচন থেকে আমাদের অনেক শেখার বিষয় আছে। আমরা প্রতিনিয়ত নতুন শিক্ষা নিই। তবে আমাদের কাছ থেকে আমেরিকার শিক্ষা নেওয়া দরকার আছে। কারণ আমরা ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট নিয়ে চার-পাঁচ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি। কিন্তু আমেরিকা সেটি পারে না। তাদের এ বিষয়ে আমাদের কাছ থেকে শেখা দরকার।’
বিগত ৯ জুলাই সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ উপ-নির্বাচনে হাবীব হাসান আওয়ামী লীগের এবং এস এম জাহাঙ্গীর বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে আওয়ামী লীগের লোকজন আমাদের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছেন। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আর এসব কাজে সহযোগিতা করছে পুলিশ। সকাল সাড়ে ৯টায় মালেকা বানু উচ্চ বিদ্যালয় ভোটদান শেষে তিনি এসব কথা বলেন। সূত্র : আমাদেরসময়ঢটকম
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net