বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে সরকারি সৌরবিদ্যুৎ উপহার পেয়েছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন। সোমবার বিকেলে সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ারের বরাদ্দ থেকে তাদের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়। এসময় ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর লোকজন সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানান।
তাহিরপুর উপজেলার উত্তরবড়দল ইউনিয়নের সীমান্তে গারো, খাসিয়া, হাজংসহ ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠী কয়েক শ বছর ধরে বসবাস করছে। তারা মূলধারার বাইরে অবস্থান করায় সরকারের বিভিন্ন সহায়তা থেকে বঞ্চিত থাকেন। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও সহায়তা থেকে বঞ্চিত থাকেন তারা। সংসদ সদস্য শামীমা শাহরিয়ার পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর হতদরিদ্র পরিবার খুঁজে খুঁেজ তাদেরকে নিজের বরাদ্দ থেকে সৌরবিদ্যুৎ প্রদানের সিদ্ধান্ত নেন। সোমবার দুর্গম এলাকায় গিয়ে তিনি তাদের হাতে রাজাই গ্রামে খাসিয়া রাজা ইউক্লিবি সিমের ছেলে এন্ড্রু সলোমারের বাড়িতে আনুষ্ঠানিকভাবে সৌর বিদ্যুৎ বিতরণ করে আসেন। তিনি এলাকার ১২টি পরিবারকে উন্নত সৌর প্যানেল প্রদান করেন।
এ উপলক্ষে রাজাই গ্রামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর লোকজন পাহাড়ি ঢলে তাদের কৃষিজমি ও বাস্তুভিটা হারিয়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে তাদের রক্ষায় সরকারের সহায়তা কামনা করেন।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার। অন্যদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী নেতা এন্ড্রু সলোমার, উত্তম স্নাল, মিখায়েল দিও প্রমুখ। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন সংসদ সদস্যকে উত্তরীয় পড়িয়ে দিয়ে নিজেদের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net