হাওর ডেস্ক ::
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলামের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে দিরাই থানা পুলিশ। অভিযুক্ত রবিউল গ্রামের বাড়িতে এসেছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রবিউলের গ্রামের বাড়ি দিরাই থানার জগদল ইউনিয়নের বড় নগদীপুর গ্রামে একটি সাড়াশি অভিযান চালানো হয়। এই রিপোর্টটি লেখা পর্যন্ত অভিযান চলমান আছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম। এ বিষয়ে ওসি আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণে অভিযুক্ত রবিউলের ন্যক্কারজনক বিষয়টি আমলে নিয়ে তাকে গ্রেফতারে চেষ্টা করছি।
এদিকে অভিযুক্ত রবিউলের এমন ন্যক্কারজনক ঘটনা শোনার পরই তার এলাকায় এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উঠেছে নিন্দার ঝড়। বিশেষ করে জগদল ইউনিয়নের লোকজন রীতিমতো ফুঁসে উঠেছেন। এসময় তারা বলেন, আজকের ঘটনাটি ছাড়াও রবিউলের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তার দ্বারা বিভিন্ন সময়েই এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এই অপরাধীর জন্য এলাকাবাসী লজ্জিত। এ সময় তারা রবিউলকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।
এ সম্পর্কে জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ বলেন, এই ন্যক্কারজনক খবরটি শোনার পর থেকেই তার গ্রামসহ ইউনিয়নবাসী ক্ষোভে, নিন্দায় ফুঁসে উঠেছেন। তার শাস্তির দাবি করছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। এ ঘটনায় জড়িত যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। সূত্র : যুগান্তর
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net