হাওর ডেস্ক ::
দেশে আগামী দুই-তিন দিন থেমে থেমে বৃষ্টি হবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। বলা হয়েছে, আগামী কয়েক দিন থেমে থেমে বৃষ্টি হলেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে ২০ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি বেড়ে যেতে পারে। আর তা চলতে পারে টানা তিন-চার দিন।
আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবারের মতো বুধবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেড়ে যাওয়ায় ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি আবার বাড়তে শুরু করেছে।
এর মধ্যে ধরলার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী ও সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তবে মূল বসতি এলাকায় এখনো ঢোকেনি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, পানির এই বেড়ে যাওয়া নিয়ে খুব বেশি আতঙ্কের কিছু নেই। আগামী দু-এক দিনের মধ্যে পানি আবার কমতে শুরু করবে। আপাতত কোনো বন্যার আশঙ্কা নেই। উত্তরাঞ্চলের দু-একটি জায়গায় নিচু এলাকা ও চরে পানি উঠলেও তা দুই-তিন দিনের মধ্যে নেমে যাবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net