হাওর ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সাইদুল হক (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে।
আটককৃত সাইদুল হক সৈয়দপুর এলাকার ফয়জুল হকের ছেলে। আজ বুধবার (৫ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর এলাকা থেকে একটি কালো রঙের বন্দুকসহ সাইদুল হককে আটক করা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমদ জানান, এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুইপক্ষের লোকজন গত রবিবার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net