ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনা তথ্য গোপন রেখে লাশ দাপনের অভিযোগ উঠেছে। আর এ গোপন তথ্য চেপে রেখেছেন খোদ মৃত ব্যক্তির পরিবার। অবশেষে স্থানীয় সাংবাদিকের মাধ্যমে বের হয়ে আসে করোনায় মৃতের বিষয়টি। স্থানীয়রা জানান করোনা আক্রান্ত হয়ে ইসলামুল হক (৫০) নামের এক ব্যাক্তি মারা গেছেন গত ২২ জুলাই। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত মৌলভী আবদুল খালিকের পুত্র। তথ্য গোপন রেখে স্বাভাবিক মৃত্যুবরণকারীর মতো ওইদিন রাতে গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। প্রায় ৭০ জন মুসল্লি অংশ নেন জানাজায়। গ্রামের লোকজন জানান, তারা জানতেন না ইসলামুল হক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জানাজায় মৃত ব্যক্তির পরিবারের কাউকে দেখতে না পেয়ে তখন উপস্থিত অনেকেরই সন্দেহ হয়। জানাজায় সরিক এমন একজন স্থানীয় সাংবাদিকের সহযোগিতা নিলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি বেরিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, ইসলামুল হক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন তথ্য তাকে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার নিহতের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য লোক পাঠানো হয়েছে এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net