জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া নৌ-শ্রমিক আলী হোসেনের (১৮) লাশ আজ বুধবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালি সেতু এলাকার খাল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত নৌ-শ্রমিক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীপপুর গ্রামের গাউছ মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর বৈঠাখালি এলাকার সেতুর ওপর দিয়ে হয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুজন শ্রমিক পাড়ে উঠতে পারলেও নৌ-শ্রমিক আলী হোসেন নিখোঁজ হন।
খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিককে উদ্ধারে চেষ্টা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার কাজ অংশ নিলেও গতকাল মঙ্গলবার বিকেলে উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। আজ বুধবার সকালে স্থানীয় বৈঠাখালী সেতু এলাকার খালের পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই রফিক আহমদ জানান, লাশ উদ্ধারের পর এসপি স্যারের নির্দেশনাক্রমে মৃত নৌ-শ্রমিকের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net