জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামির মিয়া (৩৫) নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত ছামির মিয়া জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকার মৃত কদরিছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ছামির মিয়া স্থানীয় লুদরপুরের ঈদগাহ এলাকার বিদ্যুতের ১১ কেভি লাইনের খুঁটির উপরে ডিশ লাইনের কাজ করছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত উপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শে উপর থেকে নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল সাদাত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমদ বলেন, ছামির মিয়া ডিশ লাইনের এবং বিদ্যুতের টেকনিশিয়ান হিসেবে সবার কাছে পরিচিত। বিদ্যুতের খুঁটির উপরে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, আমরা খবর পেয়েছি দুর্ঘটনার সময় ডিশ লাইনের কাজ করছিলেন ওই টেকনিশিয়ান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net