হাওর ডেস্ক ::
সিলেট বিভাগে একদিনে আটজন চিকিৎসক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগের চার জেলায় বুধবার এক দিনেই সব মিলিয়ে ১৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জ জেলায় ৩৯ জন, হবিগঞ্জ জেলায় ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে ৮ জন চিকিৎসকসহ ১১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে ৩৬ জন সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলার, জকিগঞ্জ উপজেলার ৬ জন, বিয়ানীবাজার উপজেলার ৪ জন এবং গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় একজন করে ৩ জন রয়েছেন। এছাড়া আজ শাবির ল্যাবে সিলেট জেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net