তাহিরপুর প্রতিনিধি ::
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফের পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি। বন্ধ রয়েছে জেলা সদরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। হুমকির মুখে নদী তীরবর্তী ১০টি গ্রামের বেরিবাঁধ। বাঁধ ভেঙে যে কোনো সময় প্লাবিত হতে পারে গ্রামগুলো। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া উপজেলা সদরের সঙ্গে আন্তঃসড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বন্ধ।
শ্রীপুর দক্ষিণ তাহিরপুর সদরসহ ৭ ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। বাড়িঘর, গৃহ পালিত পশু, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এখনও উপজেলার অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলার সীমান্ত নদী যাদুকাটার পানি বিপদ সীমার ১২৫ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় তাহিরপুরে ২৫২মি.মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net