হাওর ডেস্ক ::
সাত মাসের ফুটফুটে শিশুটির নাম আবু হুরায়রা। গত ১৩ জুন বাবা ও খালার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয় সে। আক্রান্ত হলেও ‘প্রাণঘাতী’ এ ভাইরাসকে হারিয়ে দিয়েছে সে।
গতকাল শুক্রবার তাকে করোনামুক্ত ঘোষণা করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শুধু হুরায়রা নয়, তার বাবা ফজলে রাব্বীও করোনামুক্ত হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে একসঙ্গে ঘরে ফিরেছেন বাবা-ছেলে।
ফজলে রাব্বী জানান, প্রথমে তার ভাই এহসান রাব্বী করোনায় আক্রান্ত হন। পরে পুরো পরিবার মিলে স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন। রিপোর্টে হুরায়রা ও ফজলে রাব্বীর শ্যালিকার করোনা পজিটিভ আসে। পরে তারা নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে শুরু করেন। তাদের কারও উপসর্গ ছিল না।
হুরায়রার বাবা রাব্বী বলেন, ‘আমরা ছেলেকে নিয়ে বেশি চিন্তিত ছিলাম। আমাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ অনেকেই আমাদের সহায়তা করেছে। বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাদের খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১৩ জুন মায়ের কোলে চড়ে হাসপাতালে আসে হুরায়রা। সে ও তার পরিবারের লোকজনের রিপোর্ট পজিটিভ আসার পর তাদের হোম আইসোলেশনে রাখা হয়। শিশুটির ফলোআপ নমুনা আমি সংগ্রহ করি। গতকাল শুক্রবার দ্বিতীয় পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net