স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে করোনাক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিকে জেলার জন্য বিপদ সংকেত বলে উল্লেখ করছেন সচেতন মানুষ। তারা জোনভিত্তিক দ্রুত কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে সুনামগঞ্জে নতুন করে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে।
জানাযায়, রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ২২৫টি নমুনা প্রেরণ করা হলে সেখান থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত হওয়া ৪৭ জনের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, ছাতক উপজেলায় ১৬ জন, জগন্নাথপুর উপজেলায় ১৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন, শাল্লা উপজেলায় একজন এবং তাহিরপুর উপজেলার একজন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১ জন এবং মারা গেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, নতুন করে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে আমাদের জানানো হয়েছে ৪৮ জন। কিন্তু সেখানে একজন সিলেটের বাসিন্দা হওয়ায় আমরা ৪৭ জন ধরেছি। আক্রান্তদের বাড়িতেই আইসোলেশনে রাখা হবে এবং তাদের সংস্পর্শে আসা সবার হোম কোয়ারেন্টাইন এবং নমুনা সংগ্রহ করা হবে।
তিনি আরো বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মানতে হবে।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে লকডাউন শিথিল করা হয়েছে। ফলে জেলায় মানুষের অবাধ যাতায়াত করছেন। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বেশি বের হয়েছেন। পাড়া-মহল্লায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অনেকে রক্ষা করছেন না সামাজিক দূরত্ব। এর ফলে সংক্রমণের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। তাই বিলম্ব না করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সামাল দেয়ার ব্যবস্থা করতে হবে। জোনভিত্তিক দ্রুত কঠোর লকডাউন দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net