ছাতক প্রতিনিধিঃ
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী কুঞ্জনপুর গ্রামে দু'পক্ষের সংঘর্ষে ৪০ ব্যাক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ১২ জন। স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের শাহবাজ মিয়া মেম্বার ও আজিজুর রহমান পক্ষদ্বয়ের মধ্যে শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয়পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শাহবাজ মেম্বারের পক্ষে জাহেদ, সাবের, জাহির মিয়া, আনর আলী, রাকিব আলী সহ ২০ জন আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। এদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ বলে জানান লোকমান মিয়া। আজিজুর রহমান পক্ষের আফিজ আলী, নুরুল আমীন, আব্দুর রাজ্জাক, মিটু, নুরুল, কয়েছ সহ ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যেও গুলিবিদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন কয়েছ আহমদ। সংঘর্ষের সময় জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। স্থানীয় একাধিক লোক জানিয়েছেন সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ দিদার আহমদ জানান পরিস্থিতি বর্তমানে শান্ত। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলাগুলির বিষয়টি উভয়পক্ষের লোকজন তাকে অবহিত করেছেন। গ্রামে ৬ টি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। তাৎক্ষনিকভাবে এগুলো চেক করে ব্যবহারের কোনো আলামত পাওয়া যায় নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net