বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাতে সিলেটের ল্যাবে সুনামগঞ্জের ২৮৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯৬ জনে।
জানাযায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৮৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে সেখানে ৪৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার দুইজন, ছাতক উপজেলার ১৯ জন, দোয়ারাবাজার উপজেলার ৯ জন, জামালগঞ্জ উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ জন এবং দিরাই উপজেলার একজন রয়েছেন। এছাড়া বুধবার পর্যন্ত সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৮৭ জন এবং মারা গেছেন তিনজন।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, বুধবারের রিপোর্টে জেলার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত জেলায় করোনায় তিনজন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৭ জন।
উল্লেখ্য, গেল ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকেই সুনামগঞ্জে প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার পর্যন্ত সুনামগঞ্জের মোট ৪ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net