ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় বন্ধুর দায়ের কোপে মিলন মিয়া (৩৫) নামে এক যু্বক খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। মিলন মিয়া একই ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মিলন মিয়া রংপুরহাটি গ্রামের বাসিন্দা ফজর আলীর ছেলে রবিউল মিয়ার ঘনিষ্ট বন্ধু। মিলন মিয়া স্থানীয় একটি খাবারের দোকানে কাজ করেস। বন্ধুত্বের সুবাদে একে অপরের বাড়িতে যাওয়া আসা করতেন। শনিবার রাত ১১টার দিকে রবিউলের বাড়িতে দুই বন্ধুর মধ্যে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে রবিউল ধারালো দা দিয়ে মিলনের পেটে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রবিউল পালিয়ে যান। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net