স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকের ধান কেটে দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের অর্ধশতাধিক কৃষক স্বেচ্ছাশ্রমে ধান কাটতে নামেন। তারা দেখার হাওরের একজন প্রান্তিক কৃষকের প্রায় ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন। এদিকে তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায়ও স্বেচ্ছাসেবক লীগ স্থানীয় কৃষকের হাওরের বোরো ধান কেটে দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে এবছর হাওরের বোরো ফসল কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এখন ধান কাটার মওসুম। একদিকে শ্রমিক সংকট অন্যদিকে আবহাওয়া অফিসের আগাম বন্যার আশঙ্কায় আছেন স্থানীয় কৃষকরা। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীদের হাওরের কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্ব্চেছাসেবক লীগ বিভিন্ন হাওরে ধান কাটতে দেখা গেছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, আমাদের দলীয় সভানেত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছেন হাওরের কৃষকের পাশে দাড়ানোর জন্য। সেই নির্দেশনা মেনে আমরা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন হাওরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে। আজ দেখার হাওরে আমরা একজন কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net