হাওর ডেস্ক ::
আতঙ্ক না ছড়িয়ে সবাইকে সাহসের সঙ্গে একতাবদ্ধ হয়ে করোনাভাইরাস মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মতো মহামারিকেও প্রতিরোধ করতে পারবেন বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আজ সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দূর্বল করে। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকার সব সময় আপনার পাশে আছে। কিছু কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সঙ্কটকালে এটা কোনভাবেই কাম্য নয়।’
তিনি বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারি মোকাবিলা করতে আমাদের সহায়তা করুন।’
শেখ হাসিনা বলেন, ‘যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়। বিদ্রোহী কবির ভাষায় তাই বলতে চাই, ‘‘ঐ নূতনের কেতন ওরে কাল-বোশেখীর ঝড়।তোরা সব জয়ধ্বনি কর!তোরা সব জয়ধ্বনি কর! ধ্বংস দেখে ভয় কেন তোর? - প্রলয় নূতন সৃজন-বেদন! আসছে নবীন- জীবন-হারা অ-সুন্দরে করতে ছেদন!
করোনা মোকাবিলা করতে পারবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি বীরের জাতি। অতীতে নানা দুর্যোগ-দুর্বিপাকে বাঙালি জাতি সাহসের সঙ্গে সেগুলো মোকাবিলা করেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি আমরা। আমরা সস্মিলিতভাবে করোনাভাইরাসজনিত মহামারিকে প্রতিরোধ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘নতুন বছরে মহান আল্লাহর কাছে কায়মনবাক্যে প্রার্থনা, মহামারির এই প্রলয় দ্রুত থেমে যাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।’
ভাষণে এবারের পহেলা বৈশাখ ঘরে বসে উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net