হাওর ডেস্ক ::
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী দুই মেয়র এবং কাউন্সিলররা শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়ান। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে নির্বাচিত হন। তাঁরা দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আজ শপথ নিলেও মেয়রের আসনে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে।
ঢাকা উত্তরের মেয়র হিসেবে ৯ মাস দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেওয়া হয়নি। তাঁর মেয়াদ রয়েছে চলতি বছরের মে মাস পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net