অনলাইন ডেক্স::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিমানের ছয় জনকে সাময়িক বরখাস্ত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বরখাস্তকৃতরা হলেন-এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান , জাকির হোসাইন এবং সিদ্দিকুর রহমান । এদের মধ্যে সিদ্দিকুর রহমান টেকনিশিয়ান এবং বাকি পাঁচ জন বিমানের প্রকৌশল কর্মকর্তা ।
এর আগে বিমানের তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। কমিটির প্রতিবেদনে বলা হয়- কর্তব্যে অবহেলার কারণে বিমানে ত্রুটি দেখা দেয়। বুধবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, রাতের মধ্যেই ওই ছয় জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, কমিটির তদন্তে বলা হয়, তিনটি কারণে বিমানে ত্রুটি দেখা দিতে পারে। কারণগুলো হলো- ইঞ্জিনের ত্রুটি (পার্টস কাজ না করা), আবহাওয়া সংক্রান্ত এবং কর্তব্যে অবহেলা। প্রাথমিক তদন্তে প্রথম দুটি কারণের অস্তিত্ব পাওয়া যায়নি। সে ক্ষেত্রে তদন্তে কর্তব্যে অবহেলার বিষয়টি উঠে এসেছে।
মন্ত্রী বলেন, বিমানের টেকনিক্যাল বিভাগের কর্মকর্তারা এই অবহেলার জন্য দায়ী।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করে। নির্ধারিত সময়ের একদিন আগেই কমিটি এই প্রতিবেদন দিয়েছে বলেও জানান মন্ত্রী। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
এসময় বিমানের সচিব এসএম গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net