হাওর ডেস্ক ::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের কারণে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঝুলে গেছে। প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্যের চেয়ে দুই কেন্দ্রের ভোট বেশি হওয়ায় ফলাফল ঘোষণা না করে পুনরায় স্থগিত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় জেলা রিটার্নিং অফিস।
রোববার বিকেলে শহরের বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয় ও জামেয়া ইসলামি হরমুজিয়া দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। রাতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হলেও জটিলতা দেখা দেয় মহিলা ভাইস চেয়ারম্যানের ফল ঘোষণার সময়। নির্বাচনে নিগার সুলতানা কেয়া ২২ হাজার ৩৯২ ভোট পেলেও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সুরভী বখত ১৮ হাজার ৩৩৪ ভোট পান। অন্যদিকে দুটি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৬৪৪জন। ফলাফল বিশ্লেষণ করে জেলা রিটার্নিং অফিসার দেখেন, নিগার সুলতানা কেয়া ৪ হাজার ৫৮৬ এগিয়ে থাকলেও দুটি কেন্দ্রে পুনরায় নির্বাচন ছাড়া ফলাফল ঘোষণা করা সম্ভব নয়। ফলে রাত সাড়ে ১২টায় জেলা রিটার্নিং অফিসার ঘোষণা করেন, এই দুটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।
এদিকে পুনঃনির্বাচনে ৫৮ ভোট পেলে অনায়াসে জয়লাভ করতে পারবেন নিগার সুলতানা কেয়া। আর প্রায় শতভাগ ভোট পেলেই সুরভী বখত জয়ী হতে পারবেন।
অপরদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা বেগম ১২ হাজার ৯৪৫, ফেরদৌসী সিদ্দিকা ৭ হাজার ৯১০ এবং সানজিদা নাসরিন দিনা ডায়না ৬ হাজার ৪০৬ ভোট পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net