স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিবুর রহমান মানিকের জন্য ভোট চেয়ে ভোটের মাঠে আলোচনার জন্ম দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলনের ভাই ছাতক সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ মইনউদ্দিন আহমেদ (বাহার)।
শনিবার রাতে ছাতক পৌর শহরের ৬নং ওয়ার্ড বাগবাড়ী এলাকায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠকে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিকল্প নেই। তিনি উন্নয়নের স্বার্থে সকল দলমতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান। তিনি মুহিবুর রহমান মানিককে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কালো টাকা ও পেশী শক্তির অধিকারী কোনো সন্ত্রাসীবাহিনী এই শান্তি ও সম্প্রীতির শহর ছাতকে কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবে না।
উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের বাগবাড়িস্থ চৌধুরী মার্কেটে মুক্তিযুদ্ধা পেয়ারা মিয়ার সভাপতিত্বে সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে মুহিবুর রহমান মানিক কে জয়যুক্ত করার সিন্ধান্ত নেন।
সভাশেষে নৌকা প্রতীকের পক্ষে মিছিল বাজার প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net