হাওর ডেস্ক ::
দ্বিতীয় ম্যাচে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হবে কি না? আগেরদিন জানতে চাইলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, আগে সিরিজ জয়, তারপর পরীক্ষা। অর্থাৎ কোনো ঝুঁকিই নিতে চায়নি টিম বাংলাদেশ। চট্টগ্রামে গিয়ে শুরুতে সিরিজ জয়ের কাজটাই সেরে রাখলো টাইগাররা।
সফরকারী জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে ৭ উইকেটে। ৩৫ বল (৫.৫ ওভার) হাতে রেখেই তাদের ছুড়ে দেয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছক্কা মেরেই দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহীম। ১ ম্যাচ হাতে রেখেই ৩ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল জিম্বাবুইয়ানরা। জবাব দিতে নেমে দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস মিলে ১৪৮ রানের জুটি গড়েই জয়ের কাজটা প্রায় শেষ করে দেন। ৮৩ রান করে লিটন আউট হয়ে গেলেও পরে মুশফিকের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে ইমরুল কায়েস জয়ের কাজটা আরও সহজ করে দেন। তবে ইমরুল ৯০ রান করে ফিরে গেলে বাকি কাজ শেষ করেন মুশফিক আর মিঠুন। মুশফিক ৪০ এবং মিঠুন অপরাজিত থাকেন ২৪ রানে।
২৪৭ রানের লক্ষ্য। খুব বেশি বড় নয়। দুই ওপেনার যদি ফর্মে থাকেন, তাহলে এই লক্ষ্য পাড়ি দেয়াও খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা নয়। আপাতত সেটাই প্রমাণ করে চলেছেন দুই ওপেনার লিটন কুমার দাস এবং ইমরুল কায়েস। দু’জনের উদ্বোধনী জুটিতে ১৫.৪ ওভারেই (৯৪ বল) ১০০ রান তুলে ফেলে বাংলাদেশ।
যদিও শুরুতেই জীবন পেয়েছিলেন লিটন দাস। প্রথম ওভারের চতুর্থ বলেই লিটন দাসকে লেগ বিফোর আউট দিয়ে ফেলেছিলেন আম্পায়ার। তবে নন স্ট্রাইকে থাকা ইমরুল কায়েসের সঙ্গে কথা বলে রিভিউ নেন লিটন। তাতেই দেখা যায়, বল লেগ স্ট্যাম্প মিস করে যেতো। ফলে আম্পায়ার নিজের ভুল স্বীকার করে আউট প্রত্যাহার করে নেন।
জীবন পেয়েই সতর্ক হয়ে যান লিটন। অন্যদিকে আগের ম্যাচে ১৪৪ রান করা ইমরুল কায়েস তো যেন পুরোপুরি সেট ব্যাটসম্যান। শুরু থেকেই তার নিখুঁত এবং সাবধানী ব্যাটিং কোনো বিপদেরই কারণ সৃষ্টি করলো না। যার ফলে দু’জনের ব্যাটে রানের চাকা সমানে ঘুরতে শুরু করে। ৯.৩ ওভারেই দলীয় ৫০ রান পূরণ করে ফেলে বাংলাদেশ। পরের ৫০ রানের গণ্ডি পার হতে ভেলে মাত্র ৫.১ ওভার। অর্থাৎ, ৩১ বল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net