স্টাফ রিপোর্টার ::
নির্বাচনী আয়োজনে অনিয়ম ও অসচ্ছতার কারণে সুনামগঞ্জ জেলা অটো টেম্পু ও অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হলেও আবারও নির্বাচনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা। সিলেট আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে গত ১৯ সেপ্টেম্বর ৪০.০২.০০০০.৩০৬.৩৪.০৩২.১৮.-১০২ (১১) নং স্মারকে পত্র দিয়ে নির্বাচন স্থগিত করতে সরকারি নির্দেশনা দিলেও সংশ্লিষ্টরা সেটা না মেনেই আগামী ২৭ অক্টোবর আবারও নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। এদিকে গতকাল ২৪ অক্টোবর সিলেট রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস’র উপপরিচালক কাজী শহীদুল ইসলাম সুনামগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আরেকটি পত্র দিয়েছেন। ওই পত্রে পূর্বের পাঠানো পত্রের নির্দেশনা অনুসারে ভোটার তালিকা হালনাগাদ না করা, বাদপড়া ভোটারদের সংযুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন।
ওই পত্রে জানা গেছে গত ২৯/০৯/২০১৮ তারিখের নির্বাচন স্থগিত চেয়ে সংগঠনের ৩৭ নন্বর সদস্য মো. জহিরুল ইসলাম সিলেট আঞ্চলিক শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে উপ-পরিচালক ভোটার তালিকা হালনাগাদ করে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন করার নির্দেশনা দেন। কিন্তু ইউনিয়নের সংশ্লিষ্টরা বাদপড়া সদস্যদের তালিকা না করে মাত্র চারদিনের সময় দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেন। অথচ নির্বাচনের ৩০ দিন আগে নির্বাচনী কমিটি গঠন করে নির্বাচন দেওয়ার বিধান রয়েছে বলে লিখিত আবেদনে উল্লেখ করেন াভিযোগকারী মো. জহিরুল ইসলাম।
গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও সুনামগঞ্জ জেলা অটো টেম্পু ও অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বরাবরে সিলেট আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে ৪০.০২.০০০০.৩০৬.৩৪.৩২.১৮.১৩৩ (৫) স্মারকের পত্রে জানা যায় ইতোপূর্বে সংশ্লিষ্টদের ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা সেটা না করে আগামী ২৭ অক্টোবর ফের নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সরকারি ওই চিঠিতে আরো জানানো হয় জেলা অটো টেম্পু অটো রিক্সা বেবীটেক্সি শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-১৬৯৩) এর সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা থাকলেও তাদেরকে বাদ দেওয়া হয়নি বলে পত্রে উল্লেখ করা হয়েছে। ওই পত্রে জেলা অটো টেম্পু ও অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের বাদপড়া সদস্যদের অন্তর্ভূক্ত না করার কথা স্বীকার করা হয়েছে। পত্রে ত্রুটি বিচ্যুতি গুলো সংশোধন করে নির্ভুল, স্বচ্ছ, চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার নির্দেশনা দেন রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন কাজী শহিদুল ইসলাম।
জেলা অটো টেম্পু ও অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের অভিযোগকারী সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, সরকার নির্বাচন স্থগিতের নির্দেশনা দিলেও আবারও তড়িগড়ি করে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উর্ধতন কর্তৃপক্ষ গতকাল আবারও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন পরিচালনার নির্দেশনা দিয়েছে। কিন্ত কয়েকজ স্বার্থান্বেসী নেতা সরকারি আইন না মেনে গায়ের জোরে নির্বাচন করতে চাচ্ছে।
জেলা অটো টেম্পু ও অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মছন মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net