স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
এ ছাড়া সাংবাদিক, লেখক, গবেষক, সংস্কৃতিপ্রেমী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বাউল শিল্পীদের পরিবেশিত মনোমুগ্ধকর সংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।